কালবেলা · সাধারণ
জামায়াত নেতার গাড়ি ভাঙার জেরে কুমিল্লা মহানগর এবি পার্টির আহ্বায়ককে অব্যাহতি
১৫/১০/২০২৬

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।
একইসঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে অবিলম্বে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এবি পার্টির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ সামদানী এবি পার্টির নাম, পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। একইসঙ্গে দলের পক্ষে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়ার ক্ষেত্রেও তার ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ সময়ে তার কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।
এতে আরও বলা হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী অন্তর্বর্তী সময়ের জন্য কুমিল্লা মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্ধারণ করা হবে।
বিজ্ঞপ্তিতে এবি পার্টি জানায়, দলটি রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী। অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে জড়ানো কিংবা কোনো পক্ষ অবলম্বন করা দলের নীতি ও আদর্শের পরিপন্থি। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সচেতনতা ও দায়িত্বশীলতা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে গোলাম মোহাম্মদ সামদানীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
গোলাম মোহাম্মদ সামদানীর বিরুদ্ধে শনিবার রাতে কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারির গাড়ি ভাঙচুরসহ নির্বাচনে বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗