নেত্রকোনায় ৫৬০ বোতল ফেনসিডিলজাতীয় সিরাপসহ ফারুক মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৪ অক্টোবর) রাতে নেত্রকোনা সদর উপজেলার দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। জব্দ করা সিরাপ ও অন্যান্য আলামতের আনুমানিক অবৈধ বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।
শনিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়।
আটক ফারুক মিয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামের জব্বার আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিধলী থেকে নেত্রকোনাগামী পাকা সড়কের দিগজান বাজার এলাকায় একটি চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় ফারুক মিয়াকে আটক করে তাঁর কাছ থেকে ৫৬০ বোতল ফেয়ারডিল নিউ (FAIRDYL NEW) সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা সিরাপের প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৫৬ লিটার সিরাপ রয়েছে। এগুলো নয়টি প্লাস্টিকের বস্তায় রাখা ছিল। এ ছাড়া একটি পিকআপ, গাড়ির চাবি ও একটি ডুয়েল সিমের বাটন ফোন জব্দ করা হয়েছে। পিকআপটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ন-১২-৩৯৯২।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
