বিএনপির নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বেলা ৩টায় শ্যামপুরের লাল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
লাল মসজিদে জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরে তাকে দাফন করা হবে।
এর আগে, মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মোল্লার কাছে পরাজিত হন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার ঢাকা-৪ আসনে বিএনপির মনোনয়ন পান তিনি। ওই নির্বাচনে প্রচারণার সময় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
