তালতলীতে ১১টি পূজামণ্ডপে ৬৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনার তালতলী উপজেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার ১১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মোট ৬৮ জন আনসার ও ভিডিপি (পুরুষ ও নারী) সদস্যকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
পূজামণ্ডপে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পূর্বে তালতলী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে একটি দিকনির্দেশনামূলক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রাক্-বিদায়ী ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীত সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আমিনুল হক। এ ছাড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীত সরকার বলেন, "শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।" তিনি যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করার নির্দেশনা দেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আমিনুল হক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে বলেন, "পূজা শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ১১টি মণ্ডপেই আনসার ও ভিডিপি সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় আপনাদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ।"
সংক্ষিপ্ত ব্রিফিং ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান শেষে আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ নির্ধারিত পূজামণ্ডপের উদ্দেশে বিদায় জানানো হয়।
