আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত চিত্রশিল্পী যোগেন চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালেও। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। আজ, রবিবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শিল্প জগতে শোকের ছায়া।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত এক বছরের বেশি সময় ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন যোগেন চৌধুরী। দুর্গাপুজোর সময়ে মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হন তিনি। তখন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার রাতে পরিবারের সম্মতিতে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।
১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের যোগেন চৌধুরীর জন্ম। বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন জমিদার। তাঁর মাও আলপনা আঁকায় পারদর্শী ছিলেন। ছোট থেকেই শিল্পচর্চা ও ছবি আঁকার প্রতি বিশেষ আগ্রহ জন্মায় যোগেনের। ১৯৪৮ সালে পরিবারের সঙ্গে কলকাতায় আসেন।
১৯৫৫ সালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্র্যাফটে পড়াশোনা করেন যোগেন চৌধুরী। ১৯৬০ সালে ডিগ্রি অর্জনের পর হাওড়া জেলা স্কুলে শিল্পের শিক্ষক হিসেবে যোগেনের কর্মজীবনের শুরু। ১৯৬২ সালে কলকাতার হ্যান্ডলুম বোর্ডে ডিজাইনার হিসেবে যোগ দেন তিনি। ১৯৬৫ সালে ফরাসি সরকারের বৃত্তি পেয়ে প্যারিসে শিল্পশিক্ষার জন্য পাড়ি দেন। বিগত সরকারের আমলে যোগেন চৌধুরী রাজ্যসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
