চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাসহ কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মতলব উত্তর থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. মনির হোসেন (৪৫), সাতক্ষীরার তালা উপজেলার সাহাজাতপুর গ্রামের মো. আলামিন সানা (৩৬)। তিনি ব্রাক এনজিওর চাঁদপুর-১ অঞ্চলের মতলব উত্তর উপজেলার লুধুয়া বাজার শাখার শাখা ব্যবস্থাপক। মনির হোসেনকে নিয়মিত মামলায় এবং আলামিন সানাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক আট কিশোরকে যাচাই-বাছাই শেষে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, মাদকবিরোধী অভিযান ও কিশোর গ্যাং দমনে পুলিশ নিয়মিত কাজ করছে। অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
