রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের সি ব্লক এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য জালাল উদ্দিন (৩২), হবিরবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম হাসান দালিম (৩২), একই ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মামুন (৩৪) এবং নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আল-আমিন (৩৫)।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা মুঠোফোনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করা এবং আওয়ামী লীগের মিছিল আয়োজনের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার নাঈম হাসান দালিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধিসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে সুনামগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন থানার মামলাও রয়েছে।
এ ছাড়া মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় হত্যা, বিস্ফোরক, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
