ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা-সাধারপুর-চরভদ্রাসন) বিএনপির অবস্থান আরও সুসংহত করার ওপর জোর দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা চাই ফরিদপুরের এই অঞ্চলে বিএনপি যেন সুসংগঠিত হয়ে আরও অনেক দূর এগিয়ে যায়।’
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা থেকে চরভদ্রাসন উপজেলায় আয়োজিত একটি কর্মসূচিতে যোগদানের উদ্দেশে যাওয়ার পথে ভাঙ্গায় সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে এক সৌজন্য আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
যাত্রাবিরতিকালে ফরিদপুর জেলা বিএনপি, ভাঙ্গা উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
রুহুল কবির রিজভী আরও বলেন, দেশের কিছু কিছু এলাকায় বিএনপির শক্ত অবস্থান থাকা সত্ত্বেও নির্বাচনে ফল আনা সম্ভব হয়নি। তবে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সাধারপুর-চরভদ্রাসন) এলাকাটি অত্যন্ত জটিল ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর হওয়া সত্ত্বেও বাবুল ভাই বলেই সেখানে সফলতা অর্জিত হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সুবহান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী ও সোহেল মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিট্টু, পৌর বিএনপি নেতা মনিরুজ্জামান মনি মুন্সী, দপ্তর সম্পাদক কুতুব উদ্দিনসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা।
