ইরান ও দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের তিন দেশে অবস্থিত দূতাবাস থেকে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমানে থাকা মার্কিন দূতাবাসগুলো নিজেদের নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটার আশঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড ও আনাদোলু এজেন্সি। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি বিমান চলাচল ও ভ্রমণব্যবস্থায় বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
দূতাবাসগুলোর সতর্কবার্তায় বলা হয়েছে, হুতিরা দ্রুত সংঘাত বাড়িয়ে তুলতে পারে। অতীতে সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় গোষ্ঠীটির হামলার বিষয়টিও এতে উল্লেখ করা হয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জটিল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে বলে উল্লেখ করা হয়।
এতে বেসামরিক মানুষের হতাহতের পাশাপাশি ভ্রমণব্যবস্থায় গুরুতর বিঘ্ন ঘটেছে বলে সতর্ক করেছে দূতাবাস। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সংঘাত দ্রুত ওই নির্দিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।’ এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নিয়মিত নজর রাখতে এবং আগেভাগেই বিকল্প ভ্রমণ পরিকল্পনা তৈরি করে রাখার আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ইরান ও তাদের সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা কিংবা বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজ নিজ দেশের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরোর সরকারি ভ্রমণবিষয়ক ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুতিদের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির রাজধানী সানাও রয়েছে।
অন্যদিকে, সৌদি আরবের তেল স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আরও হামলার হুমকি দিয়েছে ইরান-সমর্থিত হুতিরা। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাঝুঁকি এবং আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
The post মধ্যপ্রাচ্যে ইরান আতংক, একযোগে তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কতা appeared first on ভোরের চেতনা.
