সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন মালিক, চালক ও স্থানীয়রা।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সাজেক কাউন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে গিয়ে পৌঁছায়। সেখানে সমবেত হয়ে বক্তব্য দেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন খাতের প্রতিনিধিরা।
তারা জানান, সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। পর্যটন খাতের সঙ্গে জড়িত বহু মানুষের আয়-রোজগার পর্যটকদের আগমনের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন পর্যটন কার্যক্রম বন্ধ থাকলে ব্যবসায়ী, পরিবহন মালিক, চালকসহ স্থানীয় অনেক পরিবার আর্থিক সংকটে পড়বে।
বক্তারা বলেন, সাজেকের পর্যটন শিল্প শুধু ব্যবসায়ীদের নয়, স্থানীয় বহু মানুষের জীবিকারও গুরুত্বপূর্ণ উৎস। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেকে পর্যটন কার্যক্রম স্বাভাবিক করা জরুরি।
এ সময় পর্যটন খাত রক্ষা, স্থানীয় মানুষের জীবিকা সুরক্ষা এবং পর্যটন কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য যানবাহন মালিক সমিতির সভাপতি আইয়ুশ শান্তি চাকমা, সমঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, সিএনজি মালিক সমিতির সভাপতি জসীম উদ্দিন, ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল।
