তরুণ প্রজন্মের সঙ্গে করপোরেট পেশাজীবীদের সংযোগ স্থাপন, পেশাগত নেটওয়ার্কিং সম্প্রসারণ এবং ক্যারিয়ার উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে ‘গেট-টুগেদার ৩.০’ আয়োজন করেছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ (এলসিবি)। ‘বিয়ন্ড দ্য স্ক্রিন ইনিশিয়েটিভ’-এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে করপোরেট পেশাজীবী, উদীয়মান তরুণ প্রতিভা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানটি তরুণদের সঙ্গে অভিজ্ঞ পেশাজীবীদের সরাসরি যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা লাভের একটি প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে। এতে বিভিন্ন শিল্পখাতের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি করপোরেট জগতের বাস্তব অভিজ্ঞতা, কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পান অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন লিংকডইন কমিউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা আলতাফ হাসান রাজু। তিনি সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন। এ সময় তরুণদের পেশাগত উন্নয়নে কার্যকর যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বেঙ্গালুরুর আইএসবিআরের ডক্টরাল গবেষক দীপেশ বণিক। এ ছাড়া বাংলালিংক, আকিজ গ্রুপ ও আনোয়ার গ্রুপসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তিনটি প্যানেল আলোচনা। এতে করপোরেট পেশাজীবীরা ক্যারিয়ার গঠন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এসব আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে কর্মজীবনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ধারণা ও দিকনির্দেশনা লাভের সুযোগ পান।
এ ছাড়া বিভিন্ন বিভাগে অবদান ও অর্জনের স্বীকৃতিস্বরূপ কয়েকজনকে পুরস্কৃত করা হয়। এর মাধ্যমে পেশাগত সাফল্য, নেতৃত্ব এবং ইতিবাচক অবদানকে উৎসাহিত করার বিষয়টি গুরুত্ব পায়।
আয়োজকদের মতে, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জন, যোগাযোগের সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর পেশাগত যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ তরুণদের কর্মজীবন সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
এই বাংলা/এমএস
