হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। নাটিকা, নান্দনিক নৃত্য এবং ভক্তিমূলক সংগীতের চমৎকার সমন্বয়ে বিশেষ এই অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর রাতে ১০টায় বিটিভির পর্দায় বিশেষ এই আয়োজনটি দর্শকেরা দেখতে পাবেন।
বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শারদীয় দুর্গোৎসবের চিরায়ত আনন্দঘন আবহ, দেবী দুর্গার মাহাত্ম্য এবং সমাজে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভশক্তির বিজয়ের বার্তা তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটিতে দেবী দুর্গার মর্ত্যে আগমন থেকে শুরু করে মহিষাসুর বধের পৌরাণিক কাহিনি নাট্যরূপ ও নৃত্যের ছন্দে দর্শকদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরা হবে।
বিশেষ এই অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন বিটিভির প্রযোজক ইয়াসমিন আক্তার। ধর্মীয় ইতিহাস ও সাহিত্যের মেলবন্ধনে অনুষ্ঠানটির সার্বিক গ্রন্থনা করেছেন নিরঞ্জন অধিকারী। বিজয়া দশমীর বিশেষ এই আলেখ্যানুষ্ঠানের উপস্থাপনায় থাকছেন জয়া সাহা ও অভিজিৎ।
অনুষ্ঠানের নাট্যাংশে দেবী দুর্গার চরিত্রে রূপদান করেছেন অভিনেত্রী অধরা রিয়া এবং মহিষাসুরের শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন রতন সাহা। তাঁদের পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তাপস সরকার, উত্তম অধিকারী, বনশ্রী, বিমল ব্যানার্জি, লিঠু মণ্ডল, হরিদাস মজুমদার এবং পঙ্কজ কুমার চক্রবর্তীসহ একঝাঁক শিল্পী।
