The Sangbad · general
সাতক্ষীরায় যুবক পিটিয়ে হত্যা: দুই আসামি গ্রেপ্তার
১৬/১০/২০২৬

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অপবাদ দিয়ে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার সুবর্ণাবাদ ও নাজিরের ঘের এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের মৃত মাহতাব উদ্দিন খানের ছেলে মোক্তার হোসেন খান (৫৩) এবং নাজিরের ঘের গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে আসাদুল ইসলাম মোল্যা (৪৬)। পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল শুক্রবার রাত পৌনে চারটার দিকে সুবর্ণাবাদ এলাকা থেকে মোক্তার হোসেন খানকে গ্রেপ্তার করে। পরে ভোরে পৃথক অভিযানে নাজিরের ঘের এলাকা থেকে আসাদুল ইসলাম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। আজই তাদের আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আব্দুল জলিল সানা দেবহাটা থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এতে ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়েছে। নিহতের ভাই আব্দুল জলিল সানা বলেন, ধর্ম অবমাননার অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন জানান, ঘটনার শুরু থেকেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের পর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗