চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর শিমুল হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার খাদিমপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদী থেকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শিমুল হোসেন (৩৬) আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের গাংপাড়ার বাসিন্দা কলিম উদ্দিন গাইনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিমুল দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। রোববার দুপুর ১টার দিকে বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামেন শিমুল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও খোঁজাখুঁজিতে যোগ দেন। প্রায় ৭ ঘণ্টা পর সন্ধ্যার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার করেছে তার স্বজনরা।
