ডেইলি সিলেট ডট কম :: প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন | ১১:১৪ অপরাহ্ন
| ০
ডেইলি সিলেট ডেস্ক ::
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় তিন হাজার ছোট কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ করেছেন ‘নো কিংস’ (আমাদের কোনো রাজা নেই) আন্দোলনকারীরা। শনিবার অনুষ্ঠিত এসব কর্মসূচির মূল লক্ষ্য ছিল আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের আগাম ভোটদানে উৎসাহিত করা।
ওয়াশিংটন, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে গাড়ির বহর, ছোট জমায়েত ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে আইনের ঊর্ধ্বে বা ‘রাজা’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। গত বছর জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটি এই আন্দোলনের চতুর্থ বড় কর্মসূচি।
চলমান ইরান যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। ধারণা করা হচ্ছে, এসব কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমছে এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে।
এবারের কর্মসূচিতে আন্দোলনকারীরা শুধু ক্ষোভ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং ভোটারদের নিবন্ধন, ভোটকেন্দ্রের সঠিক তথ্য প্রদান এবং আগাম ভোটের পদ্ধতি সম্পর্কে সচেতন করার ওপর জোর দিয়েছেন। ডাকযোগে ভোটদান প্রক্রিয়ার সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, নির্বাচনে রিপাবলিকানরা পরাজিত হলে তারা ফলাফল বাধাগ্রস্ত করতে পারে বা প্রশ্ন তুলতে পারে এমন আশঙ্কা থেকেই আগাম ভোটের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন আয়োজকেরা।
সংবাদটি শেয়ার করুন
- ফেইসবুক
- টুইটার
- গুগল প্লাস
- ইমেইল
সংবাদটি শেয়ার করুন:
