Published on
:
1 min read
এই সময়, পুরুলিয়া: রঘুনাথপুরে ভয়াবহ পরিবেশ দূষণের প্রতিবাদে ও প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে পথে নামছে একাধিক সংগঠন। রঘুনাথপুর মহকুমা দূষণ বিরোধী ও প্রাণ-প্রকৃতি রক্ষা মঞ্চের ডাকে আজ, সোমবার মহকুমা সদর রঘুনাথপুরে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে, রঘুনাথপুর মহকুমা জুড়ে ভয়াবহ পরিবেশ দূষণে আক্রান্ত গ্রামের পর গ্রাম। দূষণের জেরে নাভিশ্বাস উঠছে মানুষের। এলাকায় সুস্থ ভাবে বেঁচে থাকাই এখন বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। নতুন প্রজন্ম সুস্থ ভাবে বাঁচতে পারবে কি না, সেটিই এখন সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। গোটা মহকুমা জুড়ে এলাকায় এলাকায় জোট বেঁধে আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ।
এই আন্দোলনে পারবেলিয়া জমি রক্ষা কমিটি, বেড়ো চণ্ডী পাহাড় বাঁচাও কমিটি, পাহাড়িগোড়া পাহাড় বাঁচাও এবং পরিবেশ রক্ষা কমিটি, শ্রী সিমেন্ট দূষণ বিরোধী পঞ্চগ্রাম কমিটি, সেতু নির্মাণ ও মৎস্যজীবী জীবন জীবিকা রক্ষা কমিটি, স্পঞ্জ আয়রন কারখানা বিরোধী কমিটি ঝাড়ুখামার, স্পঞ্জ আয়রন ও দূষণ বিরোধী কমিটি, হুড়রা, তিলাবনি পাহাড় বাঁচাও কমিটি, প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ, ভারত জাকাত মাঝি পারগাণা মহল নিতুড়িয়া ব্লক কমিটি, ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি–সহ মোট ১৭টি সংগঠন।
উদ্যোক্তাদের তরফে স্বদেশপ্রিয় মাহাতো বলেন, ‘শিল্পকে নিশ্চয়ই স্বাগত। কিন্তু যে গ্রামগুলিতে মানুষ বংশ পরম্পরায় বাস করছেন, তাঁদের বেঁচে থাকা আজ শিল্পায়নের জন্য কেন প্রশ্নের মুখে এসে দাঁড়াবে? দূষণের কারণে পুকুরের জল কালো হয়ে গিয়েছে। নির্মল গ্রামগুলি আজ ভয়াবহ দূষণে ঢেকেছে। সিলিকোসিসে একের পর এক শ্রমিকের মৃত্যু হচ্ছে। অথচ প্রশাসন নির্বিকার। এত দিন বিভিন্ন এলাকায় আন্দোলন চলছিল। এ বার সবাই একসঙ্গে এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
