পুলিশ সূত্রে জানা যায়, দুই বছরের শিশু মীম আক্তার তার পরিবারের সঙ্গে আশুলিয়ার পলাশবাড়ী বটতলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত। শিশুটির মা রাবেয়া আক্তার একটি পোশাক কারখানায় চাকরি করেন। এ কারণে গত ১ সেপ্টেম্বর বেলী বেগমকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পরে গত ৮ সেপ্টেম্বর দুপুরে শিশুটিকে গৃহকর্মী বেলী বেগমের কাছে রেখে কর্মস্থলে যান মা রাবেয়া আক্তার। রাতে কাজ শেষে বাসায় ফিরে তিনি সন্তান ও গৃহকর্মী—কাউকেই খুঁজে পাননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে তিনি আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার পর অপহৃত শিশুটিকে উদ্ধারে তদন্ত শুরু করে এসআরবি-৪। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১২ অক্টোবর রাতে টাঙ্গাইলের ঘাটাইল থানা এলাকার একটি বাসায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শিশুটিকে জীবিত উদ্ধার এবং অভিযুক্ত বেলী বেগমকে গ্রেফতার করা হয়।
উদ্ধার অভিযান শেষে শিশু মীম আক্তারকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার নারীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। শিশুটিকে জীবিত উদ্ধার করায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে। তবে কী কারণে এবং কী উদ্দেশ্যে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে জানা যাবে।
The post আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু মীম উদ্ধার, টাঙ্গাইলে নারী গ্রেফতার appeared first on ভোরের চেতনা.
