এক নারীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। দলের গঠিত তদন্ত কমিটি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।
গতকাল সোমবার রাতে ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আব্বাস উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত চারিত্রিক স্খলনসংক্রান্ত অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, আব্বাস উদ্দিন রাজনীতির পাশাপাশি স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর কথা বলতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এর আগে গত রোববার মাওলানা আব্বাস উদ্দিনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি কামাল উদ্দিনকে ওই কমিটির প্রধান করা হয়।
তবে আব্বাস উদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ভিডিও কলে থাকা নারী তাঁর স্ত্রী। ভিডিওটি কয়েক মাস আগের। যে মুঠোফোনে ভিডিওটি ছিল, সেটি সম্প্রতি চুরি হয়ে গেছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
