বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের সড়ক ও মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এ ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ এবং সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টায় নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় তিনি ব্যথিত ও শোকাহত। তিনি মহান আল্লাহ তাআলার কাছে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মিয়া গোলাম পরওয়ার দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সব বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।
তিনি বলেন, দেশের সড়ক ও মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এ ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ এবং সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
