আসিফের নতুন গান
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম
ছবি: সংগৃহীত
-->সংগীতশিল্পী আসিফ আকবর ভিন্নধর্মী কথায় গাইলেন একটি গান। গানের শিরোনাম ‘সখি তুই কি তেল মাখিস চুলে’। গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন মাহবুবুল খালিদ। রোমান্টিক আবহের গানটিতে প্রেম, রূপ আর মুগ্ধতার কথা উঠে এসেছে লোকজ শব্দের বুননে। প্রিয় মানুষের সৌন্দর্যে মুগ্ধ এক প্রেমিকের অনুভূতি প্রকাশ পেয়েছে গানের কথায়। শিগগিরই গানটির ভিডিও প্রকাশিত হবে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এরই মধ্যে একই নামের ওয়েবসাইটে গানটির অডিও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
গানটি সম্পর্কে আসিফ আকবর বলেন, ‘গানের কথায় বৈচিত্র রয়েছে। সুরটিও চমৎকার হয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’ বাংলাদেশের সংগীত ও সাহিত্যাঙ্গনে নিয়মিত কাজ করে যাচ্ছেন মাহবুবুল খালিদ। গানটি সম্পর্কে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন সামাজিক ঘটনা ছাড়াও আন্তর্জাতিক মানবিক সংকট নিয়ে আমি নিয়মিত গান লিখি। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়েও এর আগে গান করেছি। এবার বৈচিত্র্যময় গানের ধারায় যুক্ত হলো আসিফ আকবরের কণ্ঠ। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। গানটি নিয়ে আমি আশাবাদী। ইতোমধ্যেই গানটির অডিও প্রকাশ পেয়েছে। শ্রোতোদের কাছে ভালো সাড়া পাচ্ছি।’
আরও পড়ুন
কেন হলিউড ছেড়েছিলেন লারিসা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম
ছবি: সংগৃহীত
-->একসময় কিশোর দর্শকের কাছে পরিচিত মুখ ছিলেন হলিউড অভিনেত্রী লারিসা ওলেনিক। জনপ্রিয় আমেরিকান সায়েন্স-ফিকশন কিশোর টিভি সিরিজ ‘দ্য সিক্রেট ওয়ার্ল্ড অব অ্যালেক্স ম্যাক’ তাকে এনে দিয়েছিল পরিচিতি। পরে আমেরিকান কিশোর রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘১০ থিংস আই হেট অ্যাবাউট ইউ’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। অভিনয়জীবন যখন এগিয়ে যাচ্ছিল, তখনই বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন লারিসা। সম্প্রতি নব্বইয়ের দশকের টেলিভিশন তারকাদের পুনর্মিলনী অনুষ্ঠানে সেই সিদ্ধান্তের পেছনের কারণ জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের অনুষ্ঠিত হয় ‘নাইন্টিজ কন’। সেখানে ‘দ্য সিক্রেট ওয়ার্ল্ড অব অ্যালেক্স ম্যাক’ সিরিজের সহশিল্পীদের সঙ্গে আলোচনায় অংশ নেন লারিসা। সিরিজটি ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত প্রচারিত হয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র ১২ বছর।
আলোচনায় লারিসা জানান, অভিনয় থেকে বিরতি নিয়ে তিনি সারাহ লরেন্স কলেজে পড়তে যান। সেখানে থিয়েটার নিয়ে পড়াশোনা করেননি। চার বছর ধরে বই পড়া ও ভাষার সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন। গল্পের প্রতি ভালোবাসা এবং গল্প বলার আগ্রহের সঙ্গে এই অভিজ্ঞতা জড়িয়ে আছে। অভিনয় থেকে কিছুটা দূরে গিয়ে নিজের মতো করে সময় কাটানোও তার প্রয়োজন ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রসারের আগেই এমন বিরতি নিতে পেরে স্বস্তি পেয়েছিলেন বলে জানান অভিনেত্রী। তখন জনসমক্ষে পরিচিত মুখ হয়েও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার সুযোগ ছিল। লারিসার কাছে সেই সময়টি ছিল গুরুত্বপূর্ণ।
কিশোর বয়সে জনপ্রিয়তার শীর্ষে থাকাকালে সিরিজটির প্রযোজকেরা তাকে আরও পাঁচ মৌসুমের কাজ, একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি রাজি হননি। অতিরিক্ত কাজের চাপ এবং নিজেকে সব ক্ষেত্রে ভালো প্রমাণ করার চেষ্টা তাকে ক্লান্ত করে তুলেছিল। সেই সিদ্ধান্ত নিয়ে এখন তার কোনো অনুশোচনা নেই।
অভিনয় থেকে দূরে থাকলেও একসময় আবার মঞ্চে ফিরেছেন লারিসা। থিয়েটারের কাজের পাশাপাশি টেলিভিশনেও দেখা গেছে তাকে। ২০২৩ সালে নিকেলোডিয়নের ‘এরিন অ্যান্ড অ্যারন’ সিরিজে মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি।
আরও পড়ুন
একটা টিকিটও বিক্রি হয়নি চিরকুট ও কাট-পিস সিনেমার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
-->সিনেমা চলছে না। না, একদমই চলছে না। এটা শুধু বাংলা সিনেমার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে বাংলাদেশে মুক্তি পাওয়া হলিউড সিনেমার চিত্র কিন্তু ভিন্ন। কারণ সেখানে দর্শকদের আনাগোনা নিয়মিত।
দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রেক্ষাগেৃহে মুক্তি পেয়েছে তিন সিনেমা ‘চিরকুট’, ‘কাট-পিস’ ও ‘স্নেহের বন্ধন’। ইতোমধ্যেই সিনেমাগুলোর ভরাডুবি হয়েছে। এসব খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দুর্বল গল্প ও মানহীন নির্মাণে সিনেমাগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা। স্টার সিনেমাপ্লেক্সের দুই সিনেমা হলের ওয়েব সাইট ঘুরে দেখা গেছে একটি টিকিটও বিক্রি হয়নি ‘চিরকুট’ ও ‘কাট-পিস’ সিনেমার। শেষ পর্যন্ত কোনো টিকিট বিক্রি হবে কি-না সেটাও বলা মুশকিল। স্টার সিনেপ্লেক্সের সেন্টারপয়েন্ট উত্তরার শাখায়
‘চিরকুট’ সিনেমার শো বিকেল সাড়ে ৫টা এবং বালি আর্কেড চট্টগ্রামের শাখায় সন্ধ্যা সাড়ে ৭টায়। স্টার সিনেপ্লেক্সের দুই শাখায় চিরকুট সিনেমার একটি টিকিটও বিক্রি হয়নি বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সত্য ঘটনা ও ক্যাম্পাসের স্মৃতিনির্ভর সিনেমা ‘চিরকুট’ পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন নির্মাতার স্ত্রী আজিজুন মিম। এতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী প্রমুখ।
একই চিত্র দেখা গেছে রাজধানীর সরি স্কয়ার মিরপুরে ‘কাট-পিস’ সিনেমার ক্ষেত্রে। পোশাকশিল্পের অন্ধকার জগত নিয়ে ইফফাত জাহান মম নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, রাফাহ নানজীবা তোরসা প্রমুখ।
সিনেমাগুলো ঘিরে নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীদের প্রত্যাশা থাকলেও প্রেক্ষাগৃহে দর্শক শুন্য থাকায় শো বাতিল হওয়ার সম্ভবনা রয়েছে।
আরও পড়ুন
টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানো ৩ শুটার গ্রেপ্তার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত
-->বলিউড অভিনেতা টাইগার শ্রফকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত তিন শুটারকে রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রেনে করে পালানোর সময় তাদের আটক করা হয়।
অভিযুক্তদের মধ্যে দুজন হরিয়ানার এবং একজন বিহারের বাসিন্দা। তিনজনই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
আটকদের মধ্যে দুজন ভাড়াটে খুনি এবং তৃতীয় জন হামলার পর তাদের পালিয়ে যেতে সহায়তা করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। অভিযুক্তদের একজনের বয়স ১৭ বছর, বাড়ি হরিয়ানার সোনিপতে। বাকি দুজন হলো বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সি হৃতিক কুমার ওরফে রোশন এবং হরিয়ানার সোনিপতের ১৮ বছর বয়সি রেহান।
মুম্বাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থান অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স ও কোটা সিটি পুলিশের একটি যৌথ দল পুনে-জয়পুর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এই তিন শুটারকে গ্রেপ্তার করে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানান, মুম্বাই পুলিশ রাজস্থান পুলিশের সঙ্গে অভিযুক্তদের গতিবিধি সম্পর্কে তথ্য শেয়ার করার পর তাদের রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘আমরা তাদের রাজস্থান থেকে গ্রেপ্তার করেছি। তারা প্রথমে সুরাটের দিকে পালিয়ে যায় এবং পরে পুনে-জয়পুর এক্সপ্রেস ট্রেনে ওঠে। মুম্বাই পুলিশ রাজস্থান পুলিশের সঙ্গে তথ্য শেয়ার করেছিল এবং সেই অনুযায়ী রাজস্থান পুলিশ কোটা স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে।’
সূত্র জানায়, হামলাকারীরা টাইগার শ্রফের সাপ্তাহিক রুটিন পর্যবেক্ষণ করে এই পরিকল্পনা করেছিল। তারা জানত যে অভিনেতা নিয়মিত রবিবার জুহু ফুটবল মাঠে যান এবং মাঠ থেকে ফেরার সময় তার গাড়ি লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়।
গুলিবর্ষণের পর হামলাকারীরা পূর্বপরিকল্পিত পলায়ন রুট ধরে এসভি রোড হয়ে ভিলে পার্লে ও আন্ধেরির দিকে পালিয়ে যায়। তারা আন্ধেরি পশ্চিম রেলওয়ে স্টেশনের কাছে তাদের মোটরসাইকেলটি ফেলে রেখে বরিভলিমুখী একটি ট্রেনে উঠে পড়ে। প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে সন্দেহভাজনরা পরে মহারাষ্ট্রের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী রাজ্য গুজরাটে প্রবেশ করেছিল। সূত্র: এনডিটিভি
তামান্না রুপা/
আরও পড়ুন
বিচ্ছেদের পর যা করছেন শেহতাজ
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩০ পিএম
ছবি: সংগৃহীত
-->বিচ্ছেদের খবরের পর এবার রঙিন মুহূর্তে ধরা দিলেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। মুখে হাসি, চোখে প্রকৃতির মুগ্ধতা। সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন ঘুরে বেড়ানোর এমনই কিছু মুহূর্ত। কোথাও বন্য প্রাণীর ছবি তুলছেন, কোথাও নিজেই ধরা দিচ্ছেন ক্যামেরায়। ছবিজুড়ে হাসিখুশি শেহতাজ। ব্যক্তিগত জীবনের অধ্যায় বদলেছে, থেমে নেই তার পথচলা। বিচ্ছেদের পর সামাজিক মাধ্যমে এ যেন তার প্রথম রঙিন উপস্থিতি।
রোববার (১৮ অক্টোবর) ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন এই মডেল-অভিনেত্রী। ছবিতে দেখা যায়, প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছেন তিনি। বন্য পরিবেশে ঘুরে বেড়ানোর পাশাপাশি বন্য প্রাণীদের ছবিও তুলেছেন। নিজের ছবিতেও রেখেছেন হাসির ছাপ। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরে কোনো পর্যটনকেন্দ্রে সময় কাটছে তার। তবে বিচ্ছেদের পর কোথায় আছেন, তা নিয়ে কিছু জানাননি শেহতাজ।
ছবির সঙ্গে দীর্ঘ কোনো ক্যাপশন নেই। ব্যক্তিগত জীবন নিয়েও কোনো মন্তব্য করেননি তিনি। শুধু জুড়ে দিয়েছেন একটি উড়ন্ত পায়রার ইমোজি। ছোট্ট এই প্রতীক ঘিরে ছবিগুলো পেয়েছে অন্য রকম আবহ। বিচ্ছেদের ঘোষণার পর তার এমন হাসিমুখের উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে। সম্পর্কের ভাঙনের পরও জীবনের আনন্দটুকু খুঁজে নেওয়ার এই মুহূর্তগুলো তাই হয়ে উঠেছে আলোচনার বিষয়।
গত ৫ অক্টোবর রাতে সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত জানান শেহতাজ ও সংগীতশিল্পী প্রীতম হাসান। পাঁচ বছরের প্রেমের পর ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন তারা। তাদের সম্পর্কের গল্প নিয়ে ভক্তদের আগ্রহও ছিল দীর্ঘদিনের।
বিচ্ছেদের ঘোষণায় দুজনই একসঙ্গে কাটানো ১০ বছরের স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এই দীর্ঘ পথচলার জন্য একে অপরের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। সম্পর্কের ইতি ঘটলেও পারস্পরিক সম্মান ও শুভকামনা বজায় থাকবে বলেও উল্লেখ করেন ডিভোর্স প্রক্রিয়াধীন এই দম্পতি।
