জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেছেন, ‘জামায়াত ইসলামীর আমির মাঝেমধ্যে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, তা শুনে মানুষ হাসি-তামাশা করছে। জামায়াতের আমির এক সময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন, সেই স্টাইলে বক্তব্য দেওয়া তার মধ্যে আমি এখনও লক্ষ করছি।’
আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এ কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘জামায়াতের আমির বলেছেন তারা নাকি এ সরকারকে আর সহযোগিতা করবেন না, বরং বাংলাদেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন। দেখেন, এই দেশের জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় রয়েছে। যারা সেই সরকারকে সহযোগিতা করবে না, তারা কীভাবে জনগণকে সহযোগিতা করবেন?’
রাশেদ খান জামায়াত আমিরের প্রতি আহ্বান রেখে বলেন, ‘আওয়ামী লীগের নির্মম পতন হয়েছে। এখন সময় এসেছে দেশটা পুনর্গঠন করার। দেশটাকে পুনর্গঠনের লক্ষ্যেই আমাদের প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। এখন আপনাদের দায়িত্ব এই সরকারকে সহযোগিতা করা। কারণ, জনগণের ভোটে এই সরকার ক্ষমতায় রয়েছে, এই সরকারকে সহযোগিতা করা আপনাদের নৈতিক দায়িত্ব। সরকারকে যারা সহযোগিতা করতে নারাজ, তারা জনগণকে কোনোভাবেই সহযোগিতা করতে পারে না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ।
