ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও জেলা ইজতেমা সফল করতে সহযোগিতার আশ্বাস
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১১:৫৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
বান্দরবানের বালাঘাটায় তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বান্দরবানের বালাঘাটায় তাবলিগি মারকাজ মসজিদ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
শুক্রবার (২৩ অক্টোবর) পরিদর্শনকালে তিনি মারকাজ মসজিদ ও তাবলিগ জামাতের মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ধর্ম, বর্ণ, জাতি ও গোত্রনির্বিশেষে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা প্রশংসনীয়। পাহাড়ে সব নাগরিকের অধিকার সুরক্ষিত রেখে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার উদ্যোগ অব্যাহত রয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমে উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
পরিদর্শনকালে মারকাজ মসজিদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং আসন্ন বান্দরবান জেলা ইজতেমা সফল করার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতারা নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় মারকাজের মুরুব্বিরা মন্ত্রীর পরিদর্শন ও অনুদান ঘোষণাকে ধর্মীয় ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
আগামী ২৯ ও ৩০ নভেম্বর ২০২৬ অনুষ্ঠেয় বান্দরবান জেলা ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে মন্ত্রী তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাবলিগ জামাতের জেলা আমির ওসমান গনি, বান্দরবান জেলা পরিষদের সদস্য আবদুল মাবুদ, ইজতেমার জমিদাতা কামাল মেম্বার, জেলা বিএনপি নেতা মুছা সওদাগর, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, মারকাজ মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

