বিয়ের পোশাক নিয়ে অনেকেরই থাকে নানা পরিকল্পনা। কেউ বেছে নেন চিরচেনা লাল, কেউ আবার প্রচলিত রঙের বাইরে গিয়ে নতুন কিছু পরতে চান। অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামালের পছন্দও একটু অন্য রকম। চলুন, জেনে আসি বিস্তারিত।
নতুন প্রজন্মের ফ্যাশনিস্তা অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। পশ্চিমা পোশাক হোক কিংবা শাড়ি, নানা সাজেই নজর কাড়েন তিনি। সম্প্রতি কমলা ও গোলাপি রঙের শাড়িতে মোহনীয় এক লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

সাজটি এতটাই পছন্দ হয়েছে যে বিয়েতে এই রঙের শাড়িই পরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করে সুনেরাহ্ লিখেছেন, ‘বিয়েতে এই রঙের শাড়িই পরতে পারি।’ তাঁর এই ক্যাপশন থেকেই বোঝা যায়, শাড়ির রঙের মেলবন্ধনটি মনে ধরেছে তাঁর।

শাড়ির মূল রং কমলা। তাতে আছে স্ট্রাইপ নকশা, আর জমিনজুড়ে ছড়িয়ে আছে ছোট ছোট সোনালি মোটিফ। পাড় ও আঁচলে গাঢ় গোলাপি রঙের জমকালো নকশার সঙ্গে সোনালি সুতার কারুকাজ শাড়িটিতে যোগ করেছে উৎসবের আমেজ। কমলা ও গোলাপির এই মেলবন্ধন চেনা শাড়ির সাজে এনেছে ভিন্নতা। শাড়ির সঙ্গে সুনেরাহ্ পরেছেন মানানসই গাঢ় গোলাপি ছোট হাতার ব্লাউজ।
গয়নায় সাবেকি সাজকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। কানে সোনালি ঝুমকা, নাকে নাকফুল আর হাতে হালকা গোলাপি ও হলুদ রঙের চুড়ি। মেকআপে ছিল ছিমছাম গ্ল্যামারের ছোঁয়া। চোখে আইলাইনার ও হালকা গোলাপি আইশ্যাডো, গালে গোলাপি ব্লাশ আর ঠোঁটে মভ–গোলাপি লিপস্টিক।

কপালের ছোট্ট মেরুন টিপে সাজে যোগ হয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। চুল রেখেছেন খোলা। সব মিলিয়ে কমলা–গোলাপি শাড়ি, সাবেকি গয়না আর পরিমিত মেকআপে সুনেরাহ্র সাজে ফুটে উঠেছে উৎসবের আমেজ।

বিয়ের পোশাক নিয়ে অনেকেরই থাকে নানা পরিকল্পনা। কেউ বেছে নেন চিরচেনা লাল, কেউ আবার প্রচলিত রঙের বাইরে গিয়ে নতুন কিছু পরতে চান। সুনেরাহ্র পছন্দের এই কমলা–গোলাপি শাড়ি সেই ভাবনারই এক সুন্দর উদাহরণ।
ছবি: ইন্সটাগ্রাম
