ঝালকাঠির রাজাপুরে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে খালের ওপর কাঠের পুল নির্মাণ করেছে শ্রমিককল্যাণ ফেডারেশন। মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি এলাকায় বাড়ানি খালের ওপর প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে পুলটি নির্মাণ করা হয়। গতকাল শনিবার নিজস্ব অর্থায়নে সংগঠনের ৩০ যুবক স্বেচ্ছাশ্রমে পুলটি নির্মাণ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ানি খালের ওপর প্রায় ৫৫ ফুট দীর্ঘ পুরোনো লোহার পুল ছিল। দীর্ঘদিন ধরে সেটি জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় দুর্ভোগ পোহাচ্ছিলেন দুই পাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলেই বিভিন্ন জনপ্রতিনিধিরা পুলটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি বিষয়টি শ্রমিককল্যাণ ফেডারেশনের নজরে এলে তারা এলাকার দুর্ভোগের কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে কাঠের পুল নির্মাণের উদ্যোগ নেন। ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারি শাহাদাৎ বলেন, এলাকার মানুষের চরম দুর্ভোগের কথা চিন্তা করেই এ উদ্যোগ নিয়েছি। স্থানীয় যুবক শাহাদাৎ বেপারী বলেন, নতুন করে পুলটি নির্মাণ করায় শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ অনেক কমল।