সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছেন বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি বিএনপির পর্যবেক্ষক দল ও মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবকদের ২৪ ঘণ্টা নজরদারিতে রাখার কথা জানান তিনি।
বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনার পাইকগাছা উপজেলা মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোর অনুকূলে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
ফাহমিদা হক বলেন, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই সুযোগসন্ধানীরা যেন এই বন্ধন নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, কয়রা-পাইকগাছার আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে ইতিমধ্যে তালিকা জমা দেওয়া হয়েছে। অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন। স্বাস্থ্য, শিক্ষা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ চলছে। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পাইকগাছা উপজেলার ১৫১টি শারদীয় দুর্গাপূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সরকারি বরাদ্দের ডিও লেটার তুলে দেওয়া হয়। এ ছাড়া জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্যসচিব ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী প্রতিটি মন্দিরে সাত হাজার টাকা করে মোট ১০ লাখ ৫৭ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
অন্যদিকে, ফাহমিদা হক তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৪৭টি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে মোট দুই লাখ ৩৫ হাজার টাকা সহায়তা দেন।
প্রধান বক্তা এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন। দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরাও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, বাংলাদেশ সবার। এখানে অশুভ শক্তির কোনো স্থান নেই। বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে সরকারকে সহযোগিতা করতে জামায়াতের প্রতি আহ্বান জানান তিনি। একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হকসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
এ ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, শিক্ষক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চিকিৎসাপ্রার্থীদের মধ্যেও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।
ইএন/এসএ
