আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২০, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একটি প্রতিনিধি দল নিয়ে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি জানিয়েছিলেন, এই সফরের মূল লক্ষ্য হলো তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করা।
আসিম মুনিরের এই সফরের মাধ্যমে কোনো রাজনৈতিক বার্তা দেয়া বা সামরিক হুমকি প্রদর্শনের সম্ভাবনা নিয়ে যে জল্পনা-কল্পনা চলছে, তার জবাবে বাঘেয়ি বলেন, দুই দেশের মধ্যে কিছু আলোচনার বিষয়বস্তু ভিন্ন হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই মূল মনোযোগ থাকে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর।
তিনি প্রতিবেশী দেশ দুটির মধ্যকার সম্পর্কের গুরুত্ব এবং সহযোগিতা সম্প্রসারণের প্রচেষ্টার ওপরও জোর দেন। সৌদি জোট ও হুতি এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক সংঘাতের পর, তাদের মধ্যকার উত্তেজনা কমানোর প্রচেষ্টায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান।
খুলনা গেজেট/উউরা
