নিজস্ব প্রতিবেদক · ২৪ অক্টোবর, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ন
জগন্নাথপুর থানা। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর থানায় ৩১ দিন ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেই। এ ছাড়া প্রায় চার মাস ধরে শূন্য রয়েছে পরিদর্শক (তদন্ত) পদ। বর্তমানে থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর হোসেন ওসির দায়িত্ব পালন করছেন।
জগন্নাথপুর থানা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম। পরে নিয়মিত বদলির অংশ হিসেবে তাকে হবিগঞ্জে পদায়ন করা হয়। এরপর থেকে এক মাসের বেশি সময় ধরে থানার ওসির পদটি শূন্য রয়েছে।
অন্যদিকে, প্রায় চার মাস ধরে পরিদর্শক (তদন্ত) পদেও কোনো কর্মকর্তা নেই।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসির দায়িত্বে থাকা এসআই মো. নুর হোসেন সিলেট ভয়েসকে বলেন, ‘প্রায় মাসেক হলো ওসি নেই। ফলে আমি নিজে ওসির দায়িত্ব পালন করছি।’ থানার কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘থানার কার্যক্রম সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।’
এ বিষয়ে জানতে সুনামগঞ্জের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
গুগলে আমাদের খবর পেতে
