চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন—মোহাম্মদ হোসাইন (৩০), মো. হাসিবুল ইসলাম (২২), লিয়াকত শিকদার (২৪) ও মো. আজাহার শিকদার (১৯)।
জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার নয়াখালের উত্তর পাশে পাঠানিপুল এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও মেয়ের মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেন। এ সময় একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পথে সাতকানিয়া থানা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ঘটনা ঘটেছে। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের সদস্যদেরও বাধা দেওয়া হয়।
ওই ঘটনায় সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহেদ বাদি হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং হামলার সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে ভিডিওচিত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
এর আগে শুক্রবার রাতের দুর্ঘটনায় মো. দেলোয়ার হোসেন (৩২) ঘটনাস্থলে নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার চার বছর বয়সী মেয়ে ওয়াসিফের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হন পরিবারের আরও চার সদস্য। দুর্ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ডিজে
