প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৯ পিএম
খুলনার কয়রায় মুদি দোকানে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ চার হাজার ৭৯০ টাকাসহ অহিদুজ্জামান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার এক নম্বর আমাদি ইউনিয়নের হরিনগর গ্রামে এ অভিযান চালানো হয়। খুলনা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিনগর গ্রামের নওশের আলী গাজীর ছেলে অহিদুজ্জামানকে তার মুদি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় দোকান থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ চার হাজার ৭৯০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।
