ইয়েমেনের তাইজ প্রদেশের দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ হুথি যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (১৬ অক্টোবর) সরকারি বাহিনীর মিডিয়া সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব।
মিডিয়া সেন্টারের তথ্যমতে, তাইজের আল সাকাব ফ্রন্টে হুথি বিদ্রোহীরা বড় ধরনের হামলা চালায়। প্রায় আট ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে হুথি যোদ্ধা ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়। এতে ১৬ হুথি যোদ্ধা নিহত এবং আরও অনেকে আহত হন বলে দাবি করেছে সরকারি বাহিনী।
তবে সংঘর্ষে সরকারি বাহিনীর কতজন সদস্য হতাহত হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মিডিয়া সেন্টার। পাশাপাশি লড়াইয়ে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা-ও জানানো হয়নি।
মিডিয়া সেন্টার আরও বলেছে, সরকার সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার রেজিসটেন্সের সহায়তায় সরকারি বাহিনী হুথিদের হামলা প্রতিহত করতে সমর্থ হয় এবং ওই ফ্রন্টে বিদ্রোহীরা কোনো ধরনের সাফল্য পায়নি।
সূত্র: দ্য নিউ আরব
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
