আশ্বিনের বিদায়বেলায় আজকের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এটি আরও শক্তিশালী হবে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের গতকাল সোমবার সন্ধ্যায় আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ মঙ্গলবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
তবে ঢাকা ও এর আশপাশের অঞ্চলে আজ আকাশ মেঘমুক্ত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৭টায় পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
এদিকে রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৫ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
