অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) আবারও জায়গা করে নিলেন রিশাদ হোসেন। বিগ ব্যাশের ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনারকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। অভিষেক মৌসুমেই দলটির হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পুরস্কারই যেন পেলেন তিনি। গতকাল ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিটি। অস্ট্রেলিয়ার মূল লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকেও দলে নিয়েছে তারা। আগামী মৌসুমে হোবার্টে জুটি বাঁধবেন জাম্পা-রিশাদ। হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক সালিয়ান বিমস বলেছেন, ‘গত মৌসুমে সে আমাদের জন্য অসাধারণ ছিল। প্রথমবার বিগ ব্যাশে খেলতে এসে প্রতিটি ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে মৌসুম শেষ করা তার সামর্থ্য ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা প্রমাণ করে।’ হোবার্টের হয়ে নিজের অভিষেক মৌসুমে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন রিশাদ। ২০.৮৬ গড় ও ৭.৮২ ইকোনমি রেটে বোলিং করা বাংলাদেশি লেগ স্পিনারের সেরা পারফরম্যান্স ছিল ২৬ রানে ৩ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। বিমস বলেন, ‘রিশাদ আমাদের কাছে পরিষ্কার করে জানিয়েছিল, গত মৌসুমে হোবার্টে তার সময়টা দারুণ কেটেছে এবং সে আবার ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্ব বহন করেছে। রিশাদের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড় যখন হারিকেন্সে ফিরতে এতটা আগ্রহী, তখন তাকে ফিরিয়ে আনার সব সম্ভাবনাই আমরা খতিয়ে দেখতে চেয়েছি।’ জাম্পা ও রিশাদ দলে যোগ দেওয়ায় হোবার্টের বোলিং আক্রমণ শক্তিশালী হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘জাম্পা দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা সাদা বলের বোলার। আর গত মৌসুমে আমরা দেখেছি, মাঝের ওভারগুলোতে রিশাদ কতটা বিপজ্জনক হতে পারে। আমাদের স্কোয়াডে দুজনকে পাওয়ায় বোলিং আক্রমণে অনেক বেশি নমনীয়তা আসবে এবং নতুন মাত্রা যোগ হবে।’
১২ ডিসেম্বর মেলবোর্ন রেনিগেডস ও পার্থ স্কোর্চার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিগ ব্যাশ।
