দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ লক্ষ্যে সিনেমা হল বাঁচাতে ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাবও খতিয়ে দেখবে সরকার।
সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, চলচ্চিত্রশিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। সিনেমা হল মালিকদের সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। কিছু দাবি বাস্তবায়নে নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন হলেও কয়েকটি বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে অগ্রগতি সম্ভব।
তিনি বলেন, সিনেমা হলের আধুনিকায়নে অর্থ ছাড়ের বিষয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করা হবে। বরাদ্দের অর্থ শুধু সিনেপ্লেক্স নয়, প্রচলিত সিনেমা হলগুলোর উন্নয়নেও কীভাবে কাজে লাগানো যায়, তা বিবেচনা করা হবে।
প্রতিমন্ত্রীর মতে, সিনেমা হলের দর্শকসংকট কাটাতে মানসম্মত চলচ্চিত্র নির্মাণের বিকল্প নেই। বিদেশি চলচ্চিত্র আমদানির পাশাপাশি দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়ে চলচ্চিত্র আমদানি-রপ্তানির নীতি নির্ধারণ করতে হবে। দেশের চলচ্চিত্র বিদেশে প্রদর্শন ও রপ্তানির মাধ্যমে রাজস্ব আয়ের সম্ভাবনাও কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।
চলচ্চিত্রশিল্পে দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাধ্যমে ‘প্রতিভার সন্ধানে’ কর্মসূচি চালু করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি সিনেমা হলগুলোতে ই-টিকিটিং ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এ ব্যবস্থা চালু হলে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিনেমা হলের সংকট, আধুনিকায়ন, অর্থায়ন এবং দর্শক বাড়ানোর বিষয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা সভায় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের দাবিগুলো লিখিতভাবে মন্ত্রণালয়ে জমা দিতে বলেন এবং বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।
সভায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক শরফুদ্দীন এলাহী চৌধুরীসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
The post ‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’ appeared first on ভোরের চেতনা.
