চীনের তিব্বত অঞ্চলে আঘাত হানা ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২ জন। বৃহস্পতিবার রাতে আঘাত হানা এ বিপর্যয়ে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দুর্গত এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম বিবিসি ও চীনা বার্তাসংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তিব্বতের নাগচু অঞ্চলের বাচেন কাউন্টিতে। ১৯৫০-এর দশকে তিব্বতকে নিজেদের অন্তর্ভুক্ত করার পর অঞ্চলটিকে বেইজিং ‘তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল’ হিসেবে অভিহিত করে। মূল ভূমিকম্প কবলিত বাচেন কাউন্টি রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়েছে, শক্তিশালী এই ভূকম্পনে এখন পর্যন্ত ৩৩৯টি বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে। সার্বিক পরিস্থিতি সামাল দিতে প্রশাসন বিশেষ সতর্কতা কার্যকর করে ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি উদ্ধারকারী দল পাঠিয়েছে।
তবে পাহাড়ি অঞ্চল হওয়ায় ভূমিকম্পের ফলে উপর থেকে বড় বড় পাথর খসে পড়ে স্থানীয় বেশ কয়েকটি প্রধান সড়কের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পার্বত্য ও দুর্গম এলাকা হওয়ায় সড়ক অবরুদ্ধ থাকার কারণে উদ্ধারকারী বাহিনীর সদস্যদের যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে এবং ত্রাণ কার্যক্রমে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
