নিজ উদ্যোগে প্রায় তিন দশক ধরে হাজার হাজার গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করা ভোলার চরফ্যাশন উপজেলার মসজিদের ইমাম মো. রেজাউল কিবরিয়া বাবুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দীর্ঘদিনের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাবুলের পাশাপাশি সমাজে নিজ নিজ কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা আরও দুজন ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের বাসিন্দা রেজাউল কিবরিয়া বাবুল পেশায় একজন ইমাম। মসজিদে ইমামতির পাশাপাশি নিজের অর্থ, শ্রম ও সময় ব্যয় করে প্রায় তিন দশক ধরে এলাকার বিভিন্ন সড়কের পাশে গাছ লাগিয়ে আসছেন তিনি। তার লাগানো সারি সারি তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ এখন সড়কগুলোর সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পথচারীদের ছায়া দিচ্ছে।
১৯৯৩-৯৪ সালের দিকে পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্রায় আট লাখ টাকা ব্যয়ে একটি নার্সারি গড়ে তোলেন বাবুল। সেখান থেকেই তার বৃক্ষরোপণ কার্যক্রমের বিস্তার ঘটে। নিজের ভাষ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভিন্ন স্থানে প্রায় ৫০ থেকে ৬০ হাজার গাছের চারা লাগিয়েছেন তিনি। এর মধ্যে তালগাছের বীজ ও চারার সংখ্যাই প্রায় ২৫ থেকে ৩০ হাজার।
আরও পড়ুন: ইমামের হাতে ৩০ বছরের সবুজ বিপ্লব, বদলে গেছে গ্রামের সড়ক
গত ২৩ সেপ্টেম্বর ডেইলি বাংলাদেশে ‘ইমামের হাতে ৩০ বছরের সবুজ বিপ্লব, বদলে গেছে গ্রামের সড়ক’ শিরোনামে তার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর তার কাজ জাতীয় পর্যায়ে আরও আলোচনায় আসে। এর ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন চরফ্যাশনের এই বৃক্ষপ্রেমী ইমাম।
প্রধানমন্ত্রী তাদের জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা মনোযোগ দিয়ে শোনেন। তাদের কাজের প্রশংসা করে কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করে আসা রেজাউল কিবরিয়া বাবুলের এই স্বীকৃতি চরফ্যাশনের জন্যও গর্বের বিষয়। তার উদ্যোগ অন্যদেরও বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
