ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মো. শাহিন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিন মিয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ফায়েজ বেপারী।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনটি আখাউড়া রেলওয়ে কলোনি এলাকায় পৌঁছানোর আগে শাহিন মিয়াকে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ট্রেনটি কাছাকাছি পৌঁছালে তিনি রেললাইনের ওপর শুয়ে পড়েন। এ সময় ট্রেনের চালক হর্ন দিলেও তিনি লাইন থেকে সরে যাননি। পরে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। এতে তার শরীর কোমর থেকে দুই ভাগ হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) একেএম জালাল উদ্দিন জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।
