আকণ্ঠ মদ্যপানের পর চারচাকা চালিয়ে রাস্তায় বার হন ১৯ বছরের তরুণ। এর পরই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি চারচাকাকে ধাক্কা মারেন তিনি। সেই অভিঘাতে ধাক্কা খাওয়া গাড়িটি বেশ কয়েক বার পাল্টি খেয়ে উল্টে যায়। তত ক্ষণে উনিশের মদ্যপ তরুণ তাঁর এসইউভি নিয়ে সটান ধাক্কা মেরে দিয়েছেন রাস্তার পাশের ল্যাম্পপোস্টে। ভয়ঙ্কর সেই দুর্ঘটনার ভিডিয়োই এখন ভাইরাল সমাজমাধ্যমে। অবশ্য ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার ভোরে হায়দরাবাদের হায়দরাবাদ-ওয়ারাঙ্গল জাতীয় সড়কের ৬৭টি নম্বর স্তম্ভের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পরে পুলিশের পরীক্ষায় ধরা পড়ে, দুর্ঘটনাগ্রস্ত এসইউভি-র চালক ঘটনা ঘটার সময় মদ্যপ ছিলেন। সেই অবস্থাতেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। এমনকি, তরুণের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্সও পাওয়া যায়নি। উপরন্তু, গাড়িটির নম্বরপ্লেটও নকল বলে জানিয়েছে হায়দরাবাদ পুলিশ। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন। মদ্যপ চালকেরও সামান্য চোট লেগেছে। ওই তরুণকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত চলছে।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় বিভিন্ন চারচাকা গাড়ি, দু’চাকার বাহন চলাচল করছে। তবে, ব্যস্ত সময়ের তুলনায় রাস্তা বেশ ফাঁকা। আচমকা ঝড়ের গতিতে ছুটে এল একটি সাদা রঙের এসইউভি। সামনে এগিয়ে চলা অন্য একটি সাদা রঙের গাড়িকে সজোরে ধাক্কা মারল সেটি। তার তীব্রতা এতটাই বেশি ছিল যে দুর্ঘটনার কবলে পড়া গাড়িটির কিছু অংশ ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ভেঙে বেরিয়ে এল। ফলে, ওই চারচাকাটি ভারসাম্য হারিয়ে উল্টে গেল এবং দু’বার ডিগবাজি খেয়ে রাস্তার ধারে কার্যত আছড়ে পড়ল। অন্য দিকে, এসইউভি-টি এঁকেবেঁকে চলতে চলতে রাস্তার অপর পাশের ল্যাম্পপোস্টে ধাক্কা মারল। ল্যাম্পপোস্টটি ভেঙে এসইউভিটি-র উপরেই পড়ে গেল। সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ বার হতে লাগল। পথচারীরা এই ভয়ঙ্কর দুর্ঘটনা দেখে আঁতকে উঠলেন। রাস্তায় কিছুটা যানজটও তৈরি হল।
‘ক্রাইমফ্রিইন’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা ভিডিয়োটি দেখে আতঙ্কিত। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এঁদের হাতে গাড়ি তুলে দেয় কে!’’
