সোনারগাঁয় ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->নারায়ণগঞ্জের সোনারগাঁয় ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মো. শাহিদুল ইসলাম নামে মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে রবিবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ করেন।
আরও পড়ুন
মো. শাহিদুল ইসলাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের বাসিন্দা। তিনি সোনারগাঁও উপজেলার বারদী মছলন্দপুর দারুল উলুম মাদরাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠে মাদরাসার শিক্ষক মো. শাহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
ইমরান হোসেন/রিফাত/
আরও পড়ুন
মেহেরপুরে সম্পত্তির বিরোধে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম
অভিযুক্ত সাহাবুল শেখ। ছবি: খবরের কাগজ
-->মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হাবেল শেখ (৭০) ওই গ্রামের মৃত সামসুদ্দিন শেখের ছেলে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে সাহাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধ হাবেল শেখ। এ সময় ঘুমন্ত অবস্থায় তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। কুপিয়ে এলোপাতাড়ি জখম করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারালো অস্ত্রের আঘাতে হাবেল শেখের গলা ও বাম হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
নিহতের ভাতিজা শাহাবাজ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রবিবার (১১ অক্টোবর) ছেলেকে না জানিয়ে হাবেল শেখ একটি গাছ বিক্রি করেন। ধারণা করা হচ্ছে, সেই ঘটনা থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে।
এদিকে আটকের সময় অভিযুক্ত সাহাবুল শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাবা আমাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করে আসছে। নিজের জমিতে অন্য জন সার ছিটাচ্ছে দেখে আমার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই সহ্য করতে না পেরে মেরেছি। আমার ফাঁসি হলেও সমস্যা নেই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
তারেক/এএফ
আরও পড়ুন
প্রেমে সাড়া দিয়ে ভাইকে নিয়ে জয়পুরহাটে ভারতীয় যুবক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি: সংগৃহীত
-->ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানে ভারত থেকে ভাইকে নিয়ে জয়পুরহাটে বিয়ে করতে ছুটে এসেছেন ফারুক চাপরাশি নামে এক ভারতীয় যুবক। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। অনেকে ভিড় করছেন তাদের দেখতে। এখন দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষা।
সোমবার (১২ অক্টোবর) কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালাই উপজেলার জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ভারতের পশ্চিমবঙ্গের যুবক ফারুক চাপরাশির। এরপর কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সম্পর্কটিকে বিয়েতে রূপ দিতে গত ৮ অক্টোবর ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে আসেন ফারুক ও তার ভাই মুর্শিদ। এরপর থেকে তারা পূর্ণিমাদের বাড়িতে অবস্থান করছেন। সোমবার সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তাদের অবস্থান করতে দেখা যায়।
আরও পড়ুন
দুই ভাইয়ের পাসপোর্ট ও ভিসার তথ্যে দেখা গেছে, তারা ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা। এদিকে, দুই যুবকের আসার খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে তাদের বিয়ে কবে ও কীভাবে সম্পন্ন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
পূর্ণিমার বাবা সানোয়ার হোসেন বলেন, ‘ওই ছেলে ও তার বড় ভাই পাসপোর্ট-ভিসা নিয়ে গত ৮ অক্টোবর আমার বাড়িতে এসেছেন। আমরাও পাসপোর্ট-ভিসা করার ব্যবস্থা করেছি। ভিসা পেলে ভারতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ের অনুষ্ঠান করা হবে।’
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে শুনেছি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।’
সাগর কুমার/রিফাত/
আরও পড়ুন
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ প্রতিপাদ্যে নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় কন্যাশিশু দিবস- ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি মো. শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য দূর করে তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। কন্যাশিশুরা যাতে নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে এবং নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে জীবনে এগিয়ে যেতে পারে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও চারুখান ডি এস দশগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় চারুখান ডি এস দশগ্রাম মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মেহেদি হাসান সোহাগ প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও রুম টু রিডের প্রতিনিধিরা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
নেয়ামুল/নাঈম
আরও পড়ুন
শাহরাস্তিতে বিনামূল্যে ঠোঁট-তালুকাটা অস্ত্রোপচার শুরু আগামীকাল
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->চাঁদপুরের শাহরাস্তির উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার কর্মসূচির প্রথম সেশন শুরু হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে মোট ২০ জন রোগীর অস্ত্রোপচার করা হবে। আয়োজিত এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন হাসপাতালটির চেয়ারম্যান ডা. আরিফ উল হাসান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এটি এককালীন কোনো চিকিৎসা ক্যাম্প নয়; বরং দেশের যেকোনো প্রান্ত থেকে আসা রোগীদের জন্য নিয়মিত ও চলমান সেবা কার্যক্রম। প্রতি তিন মাস অন্তর অথবা ১০ জন রোগী নিবন্ধিত হলে অস্ত্রোপচার করা হবে। কর্মসূচির আওতায় বিনামূল্যে অস্ত্রোপচার, হাসপাতালে থাকা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও অস্ত্রোপচার-পরবর্তী স্পিচ থেরাপি দেওয়া হবে।
আরও পড়ুন
প্রথম সেশনের অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধন করবেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল এবং হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান।
অধ্যাপক ডা. মুহাম্মদ কামরুজ্জামানের (এফসিপিএস, এমএস) নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল ১৪ জন রোগীর অস্ত্রোপচার করবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের যেকোনো স্থান থেকে আসা রোগীরা এ কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।
জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালিত হবে।
কর্মসূচিটি সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ডা. আরিফ উল হাসান এর আগে বড় আকারের টিউমার অপসারণের বিভিন্ন অস্ত্রোপচারের ঘটনায় আলোচনায় আসেন। ২০২৬ সালের এপ্রিল মাসে তিনি এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার এবং জুন মাসে আরেক নারীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমার অপসারণ করেন। সর্বশেষ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) শাহরাস্তির একই হাসপাতালে ৩৬ বছর বয়সি এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করেন। ওই নারীর পেটে এটি ছিল পঞ্চম অস্ত্রোপচার।
এ ছাড়া ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করার ঘটনাতেও আলোচনায় আসেন ডা. আরিফ উল হাসান।
ফয়েজ/নাঈম
