পুজোর ভোজে চেনা পদ খেতে খেতে একঘেয়েমি লাগতেই পারে। ভাত, ফ্রায়েড রাইস কিংবা বাসন্তী পোলাওয়ের বদলে এ বার পাতে থাকুক মোরগ পোলাও। সুগন্ধি বাসমতি চাল, মশলাদার মুরগির মাংস আর ঘি-এর মেলবন্ধনে এই পদ হয়ে উঠতে পারে পুজোর দুপুরের বিশেষ আকর্ষণ। রেস্তরাঁয় যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু পদ।
উপকরণ:
১. ৭০০ গ্রাম মাঝারি মাপের মুরগির মাংস
২. কাঁচা লঙ্কা - ৮ টি
৩. টক দই - ৪ টেবিল চামচ
৪. লবণ স্বাদমতো
৫. গরম মশলা - ১ চা চামচ
৬. ধনেপাতা কুচি - ৪ চা চামচ
৭. বাসমতি চাল - ৫০০ গ্রাম
৮. সাদা তেল - ৫০ মিলিলিটার
৯. ঘি - ৩ চা চামচ
১০. তেজপাতা- ২ টো
১১. ছোট এলাচ - ৪ টে
১২. জয়িত্রী- ২ টো
১৩. লবঙ্গ - ৪ টে
১৪. দারুচিনি - ২ টো
১৫. মৌরি - ১ চা চামচ
১৬. গোটা জিরে - ১ চা চামচ
১৭. পেঁয়াজ কুচি - ১০০ গ্রাম
১৮. আদা রসুন বাটা - ২ চা চামচ
১৯. ধনে গুঁড়ো - ১ চা চামচ
২০. গোলমরিচ - ১ চা চামচ
২১. দুধ- ১০০ মিলিলিটার
২২. জল - ৫০০ মিলিলিটার
প্রণালী:
প্রথমে মুরগির মাংস ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এ বার তাতে চেরা কাঁচালঙ্কা, টক দই, লবণ, গরম মশলা এবং ধনেপাতা কুচি দিয়ে ভাল করে মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। অন্য দিকে, বাসমতি চাল পরিষ্কার জলে আলতো করে ধুয়ে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন।
এর পর গ্যাসে একটি হাঁড়ি বসিয়ে তাতে সাদা তেল ও ঘি গরম করুন। তেল-ঘি গরম হলে দিয়ে দিন তেজপাতা, ছোট এলাচ, জয়িত্রী, লবঙ্গ ও দারচিনি। মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে যোগ করুন মৌরি ও গোটা জিরে। এক-দু’মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিন।
পেঁয়াজ হালকা লাল করে ভেজে তাতে আদা-রসুন বাটা যোগ করুন। আঁচ কমিয়ে পেঁয়াজ ও আদা-রসুন ভাল করে ভেজে নিন। এর পর দিন ধনে গুঁড়ো। সব উপকরণ ভাল করে মিশিয়ে আগে থেকে মাখিয়ে রাখা মুরগির মাংস ও গোলমরিচ দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস ভাল করে কষিয়ে নিন।
কিছুক্ষণ পর মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে হাঁড়ির মুখ ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করুন। তার পর ঢাকনা খুললে দেখবেন, মাংস থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এ বার তাতে ১০০ মিলিলিটার দুধ এবং চালের সমপরিমাণ জল দিয়ে দিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল যোগ করুন।
আঁচ বাড়িয়ে সব কিছু ভাল করে মিশিয়ে দিন। এ বার স্বাদমতো লবণ যোগ করুন। চাল দেখা যেতে শুরু করলে এবং জল ভাল করে ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। এর পর ঘি দিয়ে হাঁড়ির মুখ রুপোলি ফয়েল দিয়ে ঢেকে তার উপর একটি ঢাকনা চাপা দিন। মাঝারি আঁচে পাঁচ মিনিট রান্না করুন। তার পর আঁচ কমিয়ে আরও পাঁচ মিনিট রেখে দিন। গ্যাস বন্ধ করে হাঁড়িটি আরও ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।
এর পর ঢাকনা খুললেই তৈরি মোরগ পোলাও। মাংসের স্বাদ, গোটা মশলার সুবাস আর ঘি-এর গন্ধে জমে উঠবে পুজোর ভোজ। তাই এ বার পুজোয় চেনা পোলাওয়ের বদলে এক দিন বানিয়ে ফেলুন মোরগ পোলাও।
এই ফিচারটি "আনন্দ উৎসব" ফিচারের একটি অংশ।
