শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের নীতিগত সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকারের মেয়াদেই এ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ জন্য জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী অনুসরণ করে তিনটি নকশা তৈরি করেছে স্থাপত্য অধিদপ্তর। নকশাগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে। গত বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।
স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া সমকালকে বলেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এ ছাড়া এলাকার সড়কের প্রশস্ততা ও যানবাহন চলাচল নিয়ে জরিপ করতে হবে।
তিনি জানান, জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের স্থাপত্যশৈলী অনুসরণ করে নকশা তৈরি করা হয়েছে। এতে সংসদ ভবনের মতো কোনো ফটক রাখা হবে না।
এর আগে ২০১৫ সালে শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে সেই পরিকল্পনা থেকে সরে আসে সরকার।
পরবর্তী সময়ে বিদ্যমান সচিবালয়ে একাধিক বহুতল ভবন নির্মাণ করা হয়। পাশাপাশি সচিবালয়ের পশ্চিম পাশে পরিবহন পুল ও জিপিও এলাকায় নতুন সচিবালয় তৈরির পরিকল্পনাও করা হয়েছিল।
এখন শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে গুলিস্তানসংলগ্ন এলাকায় থাকা বিভিন্ন সরকারি দপ্তর পুরোনো সচিবালয়ে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।
