শনিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তাঁর এ কর্মসূচির বিষয়টি জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম নাজমুল হক।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাঁদের চলাচলে কতটা সুবিধা হয়েছে। বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি। এ ছাড়া নগরীর সড়ক ও ফুটপাত ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষ কোনো ভোগান্তিতে পড়ছেন কি না, তা জানতে চান।
এ সময় সাধারণ মানুষের অভিজ্ঞতা ও মতামত সরাসরি শোনেন প্রধানমন্ত্রী। ফুটপাত পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে বাধা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা জরুরি। তিনি ফুটপাতের সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখা এবং নগরবাসীর চলাচল সহজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
The post মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী appeared first on ভোরের চেতনা.
