প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:২৪ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি দুই তারকার বিকৃত ও আপত্তিকর ভিডিও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। পেজ হ্যাক হওয়ার দাবি জানিয়ে সংশ্লিষ্ট চ্যানেল দুঃখপ্রকাশ করলেও এমন ঘটনায় কেবল দুঃখ প্রকাশ করে দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি।
গতকাল রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কনটেন্ট ছড়ানোর প্রবণতা এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়ে কথা বলেন পরীমনি। তাঁর ভাষ্য, ভিডিওটি অনেক আগের একটি ভুয়া ক্লিপ হলেও মূলধারার একটি প্রভাবশালী টেলিভিশন চ্যানেলের প্ল্যাটফর্ম ব্যবহার করে সেটি নতুন করে ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে।
লাইভে চ্যানেলটির প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, ভিডিওটি টানা ১১ ঘণ্টা পেজে থাকার পরও কীভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পেজটির নিয়ন্ত্রণ নিতে পারেনি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর মতে, এমন পরিস্থিতিতে কেবল পেজ হ্যাক হওয়ার দাবি তুলে দায় এড়ানো যায় না। নিজের পেজ হ্যাক হওয়ার দাবি করেও একইভাবে পার পাওয়া সম্ভব কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কনটেন্ট নিয়ে আলোচনা ও তা ছড়িয়ে দেওয়ার প্রবণতারও সমালোচনা করেন এই অভিনেত্রী। তিনি বলেন, অনেকেই ভিডিওটির ভুয়া হওয়ার বিষয়টি বুঝে এড়িয়ে গেলেও কিছু মানুষ সেটিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এমনকি অপ্রাসঙ্গিক ধর্মীয় বা সাধারণ পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির লিংক খোজা ও ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।
ভিডিওটি নিয়ে কটূক্তিকারীদের উদ্দেশে পরীমনি বলেন, ‘তোমরা যখন এই ভুয়া ভিডিও নিয়ে এতটা উন্মাদনায় মেতেছিলে, তখন আমার ইচ্ছা হচ্ছিল নিজেই একটা খোলামেলা ফটোশুট করে ফেলি।’
দীর্ঘ লাইভের পর পরীমনি নিজের ফেসবুক পেজ থেকে ভিডিওটি সরিয়ে নেন। পরে আজ সকালে সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’
উল্লেখ্য, পরীমনি সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এর কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।
