খাগড়াছড়ির পানছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে তানিয়া আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা, বড় বোন ও এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে পানছড়ি থেকে খাগড়াছড়ি সদরে ফেরার পথে লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া মাটিরাঙ্গার তবলছড়ির পুরাতন বড়নাল এলাকার আনোয়ার হোসেন ও ডেইজি আক্তারের ছোট মেয়ে। আহতরা হলেন তার মা ডেইজি আক্তার (৩৫), বড় বোন আঁখি আক্তার (১৭) ও বিজিবি সদস্য আব্দুর রাজ্জাক।
স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ির পাইলট ফার্ম এলাকা থেকে ফেরার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তানিয়া।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনায় এক শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
নিহত শিশুর নানু মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমার নাতনি তার মা ও বোনের সঙ্গে পানছড়ি থেকে খাগড়াছড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গেছে। আমরা কোনো মামলা করবো না।’
