নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট :
১৫ অক্টোবর ২০২৬, ১৯: ০২
প্রায় পাঁচ মাস কমিশনশূন্য থাকার পর নতুন কমিশন যোগদানের পর থেকে দুদকের সাম্প্রতিক কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরে ব্রিফিং করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৪১ কর্মদিবসে ১২১টি মামলা ও ৬১টি মামলার অভিযোগপত্র অনুমোদন, ৬১টি এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা, ৬৮টি নথিতে সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করার অনুমোদন এবং দুর্নীতির অভিযোগসংশ্লিষ্ট ২২ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার আদেশে ব্যবস্থাও নিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার রাজধানীতে দুদকের নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
জাতীয় সংসদ ভবনের শব্দযন্ত্র পরিচালনা ও মেরামতের নামে অর্থ আত্মসাৎ, স্বাস্থ্য খাতে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় শতকোটি টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে চলমান অনুসন্ধানের অগ্রগতির কথা জানিয়েছে দুদক। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামান মোড়লের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে বলে জানানো হয়।
ব্রিফিংয়ে দুদক জানায়, গত ২০ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪১ দিনে ১২১টি মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন। একই সময়ে ৬১টি মামলার অভিযোগপত্র বা চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া দেশজুড়ে ৬১টি এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করেছে দুদক। এসব কার্যক্রমে সরকারি দপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি এবং সেবা-সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হয়।
ওই সময়ে আদালতের মাধ্যমে ৬৮টি নথিতে স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধ করার অনুমোদন পাওয়া গেছে। জমি ও ভবনের মতো সম্পদ স্থাবর সম্পত্তির অন্তর্ভুক্ত। অন্যদিকে ব্যাংকে থাকা অর্থসহ বিভিন্ন অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা হলে সেগুলোর ওপর লেনদেন বা হস্তান্তরের ক্ষেত্রে আইনি বিধিনিষেধ কার্যকর হয়।
একই সময়ে দুর্নীতির অভিযোগসংশ্লিষ্ট ২২ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাও পেয়েছে দুদক। এসব পদক্ষেপের মাধ্যমে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ স্থানান্তর ও বিদেশে চলে যাওয়ার ঝুঁকি মোকাবিলায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

