The Sangbad · জলবায়ু
সৌদির ৪ অঞ্চলে আকস্মিক বন্যার রেড অ্যালার্ট
১৯/১০/২০২৬

সৌদি আরবের চারটি অঞ্চলে তীব্র বজ্রপাত, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। একই সঙ্গে কয়েকটি এলাকায় শিলাবৃষ্টি, শক্তিশালী দমকা হাওয়া এবং ধূলিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। রোববার আবহাওয়া কর্তৃপক্ষের বরাত এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, জিজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও প্রবল দমকা হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি কোথাও কোথাও ধূলিঝড় ও বালুঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। ভারী বর্ষণের ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর বিভিন্ন নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়া জিজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সড়কগুলোতে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এদিকে, প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি সৌদির বিভিন্ন শহরে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। মক্কায় ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া মদিনায় ৩৭ ডিগ্রি, জেদ্দা ও জিজানে ৩৬ ডিগ্রি, হায়েলে ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। /
মূল প্রতিবেদনে যান ↗