পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষকের মৃত্যু
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের দির কলোনি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কপাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের দির কলোনি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক শিশু ও মানুষ চাপা পড়ে থাকতে পারে, ফলে মৃতের সংখ্যা সামনে আরও বাড়ার শঙ্কা রয়েছে।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ আসিম জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত শিশুদের বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে এবং তাদের অধিকাংশই মাথায় গুরুতর আঘাত পেয়েছে।
পরিস্থিতি সামাল দিতে লেডি রিডিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাসপাতালে উদ্বিগ্ন অভিভাবকদের ভিড় সামলাতে কর্তৃপক্ষকে পুলিশের সহায়তা নিতে হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে স্কুলটির নাম এবং হতাহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
এই হৃদয়বিদারক ঘটনায় পাকিস্তানে শোকের ছায়া নেমে এসেছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শোক প্রকাশ করে আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি পূর্ণাঙ্গ তদন্তের ওপর জোর দিয়েছেন।
পাশাপাশি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও গভীর শোক প্রকাশ করে আহতদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রাদেশিক গভর্নর ফয়সাল করিম কুন্ডি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই দুর্ঘটনার বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। সূত্র: বিবিসি
বাংলাদেশ জার্নাল/ওএফ