প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করে আলোচনায় আসা আবু বকর সিদ্দিক নামের এক যুবককে ঢাকায় আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান।
তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহায়তায় এসআরবি-৫ এর সদস্যরা আবু বকর সিদ্দিককে ঢাকা থেকে আটক করেন। পরে তাকে ডিএমপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাকে ঢাকা থেকে রাজশাহীতে আনা হবে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর থেকে রুয়েটের একটি বাসে করে রাজশাহী নগরীতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফরকালে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে ঢাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, ‘ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে আমরা উদ্বিগ্ন হয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তার প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।’
