প্রকাশিত: ২০:৪৮, ২৫ অক্টোবর ২০২৬ আপডেট: ২১:১৪, ২৫ অক্টোবর ২০২৬
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দণ্ডিতদের টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় চালক, চালকের সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বাসের চালক মো. আলতাফ (২৫)। তিনি দিনাজপুরের চিরির বন্দর উপজেলার নান্দেরাই গ্রামের আব্দুর রবের ছেলে। অপর দুজন হলেন— চালকের সহকারী মো. রাব্বি (২১) এবং বাসের কন্ট্রাকটর সাগর ওরফে সজিব মাতাব্বর (২৪)। রাব্বি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। সাগর ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদর হাট বাজারের চুন্নু মাতাব্বরের ছেলে।
দণ্ডিত তিনজনকেই ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমরাও খান দিপু জানিয়েছেন, ওই নারী গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে ঢাকার গাবতলী থেকে আশুলিয়ায় যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। পথে বিভিন্ন বাসস্ট্যান্ডে অন্য যাত্রীরা নেমে যান। পরে চলন্ত বাসে তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে চালকসহ তিনজন। এ সময় ভয় দেখিয়ে ওই নারী যাত্রীর কানের দুল, নগদ ৩৬ হাজার টাকা ও মুঠোফোন ছিনতাই করা হয়। পরে ওই নারীকে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চক্কর দিতে থাকে বাসটি। পরদিন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি থামে। এ সময় ধর্ষণের শিকার নারী ওই এলাকায় টহলে থাকা হাইওয়ে পুলিশের কাছে ঘটনা খুলে বলেন। হাইওয়ে পুলিশ বাসসহ তিনজনকে আটক করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে।
ওই দিনেই টাঙ্গাইল সদর থানায় তিনিজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভীক্টর ব্যানার্জী তদন্ত শেষে গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রবিবার রায় ঘোষণা করেন। দণ্ডিতদের টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।
