নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, ফায়ার সার্ভিসের কমান্ডার মো. গোলজার এবং প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান।
এ ছাড়া উপজেলা বিএনপির নেতারা এবং পূজা উদ্যাপন কমিটির হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেন।
