সৌদি আরবের পবিত্র দুই মসজিদ- মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আধুনিক সাউন্ড সিস্টেম। শুধু শব্দ পৌঁছে দেওয়া নয়, বরং বিশাল পরিসরে স্পষ্ট ও স্থিতিশীল শব্দ নিশ্চিত করাই এসব ব্যবস্থার মূল লক্ষ্য।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, আজান, নামাজ, খুতবা ও ধর্মীয় আলোচনা কার্যকরভাবে মুসল্লিদের কাছে পৌঁছে দিতে দুই পবিত্র মসজিদে সমন্বিত প্রযুক্তিনির্ভর অডিও নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে।
মক্কার মসজিদে হারামের সাউন্ড সিস্টেম বিশ্বের বৃহৎ পরিসরের শব্দব্যবস্থাগুলোর একটি। সম্প্রসারিত অংশ, খোলা চত্বর, করিডর ও আশপাশের এলাকা মিলিয়ে প্রায় ৬ লাখ ৫০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এ ব্যবস্থার আওতা বিস্তৃত।
শব্দের সুষম ও কার্যকর বিস্তার নিশ্চিত করতে মসজিদে হারাম এবং এর বিভিন্ন অংশে ৮ হাজারের বেশি আধুনিক লাউডস্পিকার স্থাপন করা হয়েছে।
সাউন্ড সিস্টেম পরিচালনা ও তদারকিতে ২৪ ঘণ্টা কাজ করেন ১২০ জন প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞ। ইমাম, মোয়াজ্জিন ও খতিবদের কণ্ঠস্বর, নামাজ এবং ধর্মীয় আলোচনার শব্দ গ্রহণ ও রেকর্ডিংয়ের জন্য রয়েছে প্রায় ১০০টি মাইক্রোফোন।
মসজিদে হারামের বিভিন্ন অংশে শব্দের মাত্রা নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে ২১টি স্বয়ংক্রিয় সাউন্ড ইকুয়ালাইজার। এর মাধ্যমে বিভিন্ন স্থানে শব্দের মাত্রা সমন্বয় করা যায়, যাতে বিশাল পরিসরের মধ্যেও আজান, নামাজ ও খুতবার শব্দ স্পষ্টভাবে শোনা যায়।
এ ছাড়া বিভিন্ন স্থানে থাকা নিয়ন্ত্রণকক্ষ থেকে পুরো ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট দল দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
সাউন্ড সিস্টেমের নিরবচ্ছিন্ন কার্যকারিতা বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। নামাজের পর নিয়ন্ত্রণকক্ষ, বিভিন্ন যন্ত্রপাতি এবং স্পিকারে স্থাপিত সংবেদনশীল মাইক্রোফোন পরীক্ষা করা হয়।
মদিনার মসজিদে নববির সাউন্ড সিস্টেম তিনটি প্রধান অংশে বিভক্ত- মূল ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা এবং জরুরি ব্যবস্থা। কোনো একটি ব্যবস্থায় সমস্যা দেখা দিলে অন্য ব্যবস্থা কাজে লাগানোর সুযোগ থাকায় শব্দ সম্প্রচারের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হয়।
মসজিদের মূল ভবন, সম্প্রসারিত অংশ, করিডর, খোলা চত্বর, ছাদ ও মিনার পর্যন্ত লাউডস্পিকার বিস্তৃত। এ ছাড়া পার্কিং এলাকা এবং মসজিদে আসা-যাওয়ার সড়কেও স্পিকার স্থাপন করা হয়েছে। ফলে মসজিদের বাইরের বিস্তৃত এলাকাতেও মুসল্লি ও দর্শনার্থীদের কাছে শব্দ পৌঁছানো সম্ভব হয়।
হারামাইন শরিফাইনের সাউন্ড সিস্টেম রেডিও ও টেলিভিশনের সম্প্রচারব্যবস্থার সঙ্গেও সংযুক্ত। এর মাধ্যমে দুই পবিত্র মসজিদের নামাজ, খুতবা ও ধর্মীয় আলোচনার অডিও-ভিডিও বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের কাছে পৌঁছে দেওয়া হয়।
নিয়ন্ত্রণকক্ষ, প্রকৌশলী ও কারিগরি কর্মীরা এসব ব্যবস্থার কার্যকারিতা, শব্দের মান এবং সম্প্রচারের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রযুক্তি, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সার্বক্ষণিক তদারকির সমন্বয়ে গড়ে ওঠা এই সাউন্ড সিস্টেম দুই পবিত্র মসজিদে ইবাদতের পরিবেশ বজায় রাখা এবং বিপুলসংখ্যক মুসল্লির কাছে ধর্মীয় কার্যক্রমের শব্দ স্পষ্টভাবে পৌঁছে দিতে সহায়তা করছে।
